সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সংসদে নতুন বিল উত্থাপন
- আপডেট সময় ০৩:২৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 18
দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন ও স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিলটি উত্থাপনকালে মন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে।
তিনি বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল।
প্রস্তাবিত আইনটি কার্যকর হলে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রম সহজ হবে। আগামী গ্রীষ্মের আগে এ ব্যবস্থার মাধ্যমে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর ফলে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান কয়েকটি আইনে সংশোধনী আনার লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।




















