ঝালকাঠিতে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৩ বছরের শিশুর
- আপডেট সময় ১২:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 26
ঝালকাঠির সদর উপজেলায় ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার মকরমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে রেদোয়ান। বিকেলে সে নানার ঘরের দক্ষিণ পাশে খেলছিল। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০ হাত দূরে একটি ভিমরুলের বাসার কাছে গেলে একাধিক ভিমরুল তাকে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়।
শিশুটির চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান তার নানি জোসনা বেগম। নাতিকে উদ্ধার করতে গিয়ে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।
পরে রেদোয়ানকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান সানি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’
নানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
























