গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা
- আপডেট সময় ০২:৫০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 21
গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজ ও জেলা শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের সড়কেও বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ঘটনার ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয় তারা।
এ ছাড়া কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড়সহ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






















