বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, হাসপাতালে চিকিৎসাধীন
- আপডেট সময় ১০:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 17
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশি পশ্চিমবঙ্গের শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কাছ থেকে প্রায় তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ। শুক্রবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের টুঙ্গী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মনির হোসেন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিয়াকত হোসেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা বাধা দেন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। এতে মনির হোসেন আহত হন।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিএসএফ।
আহত মনিরকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে টুঙ্গী সীমান্ত এলাকায় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এ সময় মনিরসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফের গুলিতে মনির আহত ও পরে আটক হন। তাঁর সঙ্গে থাকা আরও চার-পাঁচজন পাশের বিলে ঝাঁপ দিয়ে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
বিএসএফ জানিয়েছে, আহত ব্যক্তি সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার করা স্বর্ণ কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
























