ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 26
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি উদ্ধার তৎপরতার সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় তারেক রহমান বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।
তিনি ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন চিহ্নিত করার পাশাপাশি ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
প্রধানমন্ত্রী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























