এইচএসসির ফল প্রকাশেও মিষ্টির দোকানে নেই চেনা ভিড়
- আপডেট সময় ০৯:৪০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 27
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মিষ্টির দোকানগুলোতে এবার প্রত্যাশিত ক্রেতাসমাগম দেখা যায়নি। অন্যান্য বছর ফল ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় থাকলেও এবার দোকানগুলোতে ছিল তুলনামূলক কম ব্যস্ততা। বিক্রি আশানুরূপ না হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। তবে আগামী এক-দুই দিনে বিক্রি বাড়ার আশা করছেন তারা।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকার মিষ্টির দোকান ঘুরে দেখা যায়, ভালো ফল করা শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা মিষ্টি কিনতে আসছেন। তবে ক্রেতার সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম। সকাল থেকে কয়েক দফা বৃষ্টির কারণেও দোকানগুলোতে মানুষের আনাগোনা কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিজয়নগরের মুসলিম সুইটসের ক্যাশিয়ার রফিকুল ইসলাম বলেন, এবার পাসের হার কম হওয়ায় মিষ্টি বিক্রিতেও এর প্রভাব পড়েছে। ফল প্রকাশ উপলক্ষে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি মিষ্টি তৈরি করেছিলেন তারা। কিন্তু সে অনুযায়ী বিক্রি হয়নি।
তিনি জানান, সামগ্রিকভাবে বিক্রি কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাওয়া যায়নি।
মালিবাগের বনফুল সুইটসেও ফল প্রকাশের পর কয়েকজন ক্রেতাকে মিষ্টি কিনতে দেখা গেছে। দোকানটির ব্যবস্থাপক জানান, আগের বছরগুলোর তুলনায় এবার বিক্রি কম। ফল ঘোষণার পর মিষ্টির দোকানগুলোতে যে ব্যস্ততা তৈরি হতো, এবার তেমন চিত্র দেখা যায়নি।
মেয়ের ভালো ফলের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে মিষ্টি কিনতে এসেছিলেন অভিভাবক রফিকুল ইসলাম। তিনি বলেন, মেয়ের ফল ভালো হওয়ায় পরিবারের সবাই মিলে মিষ্টি কিনতে এসেছেন। তবে অনেক শিক্ষার্থীর ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় মিষ্টি কেনার আগ্রহও আগের মতো দেখা যাচ্ছে না বলে মনে করেন তিনি।
প্রাণ গ্রুপের মিষ্টির ব্র্যান্ড মিঠাইয়ের মালিবাগের আবুল হোটেল এলাকার একটি বিক্রয়কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের বলেন, পরীক্ষার ফল উপলক্ষে মিষ্টি বিক্রির কার্যক্রম আগামীকাল ও পরশু পর্যন্ত চলবে।
*করোনার পর কমেছে বিক্রি*
ব্যবসায়ীদের তথ্যমতে, সাত-আট বছর আগেও এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের দিন স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেশি মিষ্টি বিক্রি হতো। তবে করোনা মহামারির পর সেই বিক্রি কমে প্রায় দ্বিগুণে নেমে এসেছে।
ফল প্রকাশের দিন মিষ্টি কেনা দীর্ঘদিনের প্রচলিত রীতি। ভালো ফলের আনন্দ উদ্যাপনে শিক্ষার্থী ও অভিভাবকেরা মিষ্টি কিনে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করেন। তবে এবার ফল ঘোষণার পর রাজধানীর দোকানগুলোতে সেই চেনা ব্যস্ততা দেখা যায়নি। ঢাকার অন্যান্য এলাকাতেও বিক্রি মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের প্রত্যাশা, ছুটির দিন এবং পরবর্তী সময়ে অফিস-আদালত খুললে আরও শিক্ষার্থী ও অভিভাবক মিষ্টি কিনতে আসবেন। এতে আগামী এক-দুই দিনে বিক্রি কিছুটা বাড়তে পারে।
























