মুক্তির আগেই বিতর্কে শাহরুখের ‘কিং’
- আপডেট সময় ০৯:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 25
বলিউড তারকা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিতর্কে পড়েছে। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির নতুন পোস্টার ও ঝলকের সঙ্গে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর পোস্টারের মিল রয়েছে বলে অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। তাঁদের কেউ কেউ নির্মাতাদের বিরুদ্ধে নকলের অভিযোগ তুললেও এ বিষয়ে এখনো শাহরুখ খান কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশ্যে আসে ‘কিং’ সিনেমার নতুন পোস্টার। এটি প্রকাশের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘ধুরন্ধর ২’-এর পোস্টারের সঙ্গে ‘কিং’-এর নতুন ঝলকের দৃশ্যসজ্জা ও উপস্থাপনায় এত মিল কেন। বিশেষ করে আগুনের পটভূমি ও সামগ্রিক দৃশ্যায়নকে ‘ধুরন্ধর’ সিনেমার ধাঁচের বলে মন্তব্য করেছেন তাঁরা।
প্রকাশিত ঝলকে শাহরুখ খানকে দেখা গেছে এক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে। তাঁর ঠোঁটের ফাঁকে একটি গোলাপ, চোখেমুখে কঠোর অভিব্যক্তি এবং শরীরে আঘাতের চিহ্ন। চরিত্রটির মধ্যে বিপজ্জনক ও রোমান্টিক—দুই ধরনের বৈশিষ্ট্যের সমন্বয় তুলে ধরা হয়েছে।
তবে সিনেমার গল্পের চেয়ে ঝলকের দৃশ্যায়ন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হচ্ছে। এক্সে এক ব্যবহারকারী দাবি করেছেন, ‘কিং’-এর ঝলকে ‘ধুরন্ধর’-এর মতো চেহারা, আগুন ও ফ্রেমের ব্যবহার দেখা গেছে। তাঁর মতে, ঝলকটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং মানের দিক থেকেও দুর্বল। আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, প্রতিটি ভালো শিল্পকর্মেরই একটি নিম্নমানের অনুকরণ থাকে।
সিনেমাটির চিত্রনাট্য নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন কয়েকজন। এক নেটিজেনের দাবি, ‘লেওঁ: দ্য প্রফেশনাল’ থেকে চিত্রনাট্য নেওয়ার পর এবার ‘ধুরন্ধর ২’ থেকে ঝলকের ধারণা নেওয়া হয়েছে। অন্য এক ব্যবহারকারী ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ঝলকের নকশার সঙ্গে মিল থাকার অভিযোগ তুলে নির্মাতাদের সমালোচনা করেছেন।
আরেকজন দাবি করেছেন, সিনেমাটির প্রথম ঝলকে ব্র্যাড পিট অভিনীত ‘এফ ১’-এর প্রভাব ছিল, আর দ্বিতীয় ঝলকে রয়েছে ‘ধুরন্ধর ২’-এর ছাপ। এভাবে চলতে থাকলে পুরো সিনেমাটিতে আরও কত ছবির অনুকরণ দেখা যাবে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দকে ‘কপি-পেস্ট মাস্টার’ বলে কটাক্ষ করেন ওই ব্যবহারকারী। তবে এসব মন্তব্য ও অভিযোগের সত্যতা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি নিজের ৬০তম জন্মদিনের আগে এক আলাপচারিতায় শাহরুখ খান জানিয়েছিলেন, ‘কিং’ সিনেমায় তিনি ধূসর বৈশিষ্ট্যের একটি চরিত্রে অভিনয় করছেন। নায়ক ও খলনায়কের মধ্যে প্রচলিত বিভাজনে তিনি বিশ্বাস করেন না বলেও জানান এই অভিনেতা।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা ‘ডর’-এর প্রসঙ্গ টেনে শাহরুখ বলেন, বর্তমান সময়ে ওই চরিত্রকে অনেকে খলনায়ক হিসেবে বিবেচনা করতেন। ‘ডন’, ‘অঞ্জাম’ ও ‘বাজীগর’-এর মতো সিনেমাতেও তিনি মূলত খলনায়কসুলভ চরিত্রে অভিনয় করেছিলেন বলে উল্লেখ করেন অভিনেতা।
‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। এ ছাড়া রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসির মতো তারকারা। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।
বক্স অফিসে ‘কিং’-কে একাধিক বড় বাজেটের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের ১০০তম সিনেমা ‘কিং১০০’।

























