শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
- আপডেট সময় ০৭:০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 21
শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে তাঁদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কানাডার হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার।
আলোচনায় শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। এসব ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়েও তিনি কানাডার প্রতিনিধিদলকে অবহিত করেন।
অন্যদিকে, কানাডার হাইকমিশনার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কানাডার আগ্রহের কথা জানান তিনি।






















