সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ প্রতিমন্ত্রীর
- আপডেট সময় ০৩:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 20
সাবান দিয়ে হাত ধোয়া ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি কমিয়ে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে হাত ধোয়ার অভ্যাস কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, ফাস্টফুড খাওয়ার সময় সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে। দৈনন্দিন জীবনে এসব অভ্যাস নিয়মিত চর্চা করলে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
রাজধানীতে পানির সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মীর শাহে আলম বলেন, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে সংগ্রহ করা হয়। বাকি ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহ করা হয়।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে পদ্মা নদী থেকে ঢাকায় অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের জন্য সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ‘ডি’র ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। এ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ‘ডি’ গ্রহণের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সুস্থ থাকতে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি মালালাই আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি (ভারপ্রাপ্ত) রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিভাগের প্রধান পিটার মায়েস।
অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা নিয়মিত হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে শিক্ষার্থীদের হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথ পাঠ করানো হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।





















