সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশ প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় ১০:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 28
সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সৌদি আরব সময় বিকাল আনুমানিক ৫ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত ওই রেমিট্যান্স যোদ্ধার নাম আবু বকর সিদ্দিক (২৪)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিয়ারকুলের ফরিদুল আলমের সন্তান।
নিহত আবু বকরের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, বিগত সাড়ে ৪ বছর আগে সৌদি আরবের ভিসা নিয়ে আবু বকর প্রবাসে কাজ করতে যায়। সৌদি আরবের মদীনা শহরের আল-উলা নামক এলাকায় একটি খেজুর বাগানে সে কাজ করত।
রবিবার রাতে খবর আসে, ওই খেজুর বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাত হলে আবু বকর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তাদের পরিবারে দুই ভাই, দুই বোনের মধ্যে আবু বকর তৃতীয় সন্তান।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী।























