দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির কাছে জবাব চেয়েছে ঢাকা
- আপডেট সময় ০১:৩৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 23
সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তাঁদের অপরাধ, বিচারপ্রক্রিয়া ও দণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাঁদের মরদেহের অবস্থান এবং বিচার চলাকালে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছে ঢাকা।
গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় পাঠানো এক কূটনৈতিক চিঠিতে ছয়টি বিষয়ে তথ্য চাওয়া হয়।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে বাংলাদেশের নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচারকের স্বেচ্ছাধীন শাস্তি হিসেবে তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ জানতে চেয়েছে, ওই দুই বাংলাদেশি কী অপরাধ করেছিলেন, কখন ও কোথায় অপরাধ সংঘটিত হয়েছিল এবং তাঁদের কবে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাঁদের দণ্ডাদেশের সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কেও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। তাঁদের প্রকাশ্যে তলোয়ারের আঘাতে শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, নাকি অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া দণ্ড কার্যকরের পর দুই বাংলাদেশির মরদেহ কোথায় রাখা হয়েছে, তা জানতে চেয়েছে ঢাকা। তাঁদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে, সে বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।
তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলাকালে তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, সে প্রশ্নও তুলেছে বাংলাদেশ। একই সঙ্গে তাঁরা কেউ আইনি সহায়তা চেয়েছিলেন কি না, সে বিষয়েও সৌদি কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে।
























