১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
- আপডেট সময় ০৪:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 21
আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এ মন্তব্য করেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন স্পিকার। তাঁর আশা, অতীতে গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু না হলেও আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। এ ধরনের মানুষদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন।
ভোলার প্রাকৃতিক গ্যাসের মজুত প্রসঙ্গে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলার গ্যাসের পরিমাণ উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে। সেখানে আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোলার সাধারণ মানুষের গ্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গ্যাস পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।
























