অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার
- আপডেট সময় ১০:৫৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 59
রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে মাদকসহ ৮৫ জনকে আটকের ঘটনার পর তাঁকে পুলিশ সদরদপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবদুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে পূর্বাচলে ওই বাড়িতে অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৮৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ।
ডিবি জানিয়েছে, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব অনুষ্ঠানে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের প্রচারে অনলাইনে বিজ্ঞাপন দিতেন।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কেও কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

























