স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী
- আপডেট সময় ০২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 20
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখনো সেভাবেই অংশ নিতে পারবেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এখন পর্যন্ত আগের নিয়মই বহাল রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের বিষয়ে সরকার আশাবাদী বলেও জানান তিনি।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করে থাকলে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেউ আইনের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার সকালে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























