ক্রিকেটার মেহরবের চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার
- আপডেট সময় ১১:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 29
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার এক আসামির তথ্যের ভিত্তিতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় তাঁর ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার চার আসামির একজন মোজাম্মেল হক পুলিশকে বলেন, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তাঁর ভাড়া বাসায় রাখা আছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সেখানে অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে।
জাতীয় ক্রিকেট লিগের খেলা শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহীতে ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ একটি কাভার্ডভ্যানে পাঠানো হয়েছিল। সকালে ভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ পাওয়া যায়নি। এ ঘটনায় ক্রিকেটার মেহরব হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে, রাজশাহীর পুঠিয়া এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে মোটরসাইকেলে করে উঠে দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নিয়েছিলেন তাঁরা।
পুলিশ পরে চুরি হওয়া লাগেজগুলো উদ্ধার করে। সেগুলোর মধ্যে অন্যান্য মালামাল পাওয়া গেলেও মেহরবের তিন লাখ টাকা পাওয়া যায়নি। পরে মোজাম্মেল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই টাকা উদ্ধার করা সম্ভব হয়।
|
এ ঘটনায় মামলা হওয়ার পর বৃহস্পতিবার গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
























