ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ফরহাদ
- আপডেট সময় ০৫:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 36
বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সব নাগরিকের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীরে ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন স্বাচ্ছন্দ্যে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকায় থেকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ বাড়াতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহীসহ তিনটি জেলা সফর করবেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের জনগণকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা ষড়যন্ত্রকারী শক্তি সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে।
পঞ্চগড়ের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নির্দেশনায় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। স্থানীয়ভাবে বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে প্রস্তুত করা এসব স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক প্রতিটি পূজামণ্ডপে অবস্থান করবেন। তাঁরা স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে পুরো জেলায় উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।
কোনো অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসন সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে বলেও জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

























