২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির ঝুঁকি: ল্যানসেট
- আপডেট সময় ১০:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 37
পারমাণবিক যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারসহ ১৭টি বড় ধরনের হুমকির কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি গবেষণায় আগামী ৭৫ বছরের মধ্যে মানুষের টিকে থাকার পথে এসব ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, এআই ব্যবহার করে প্রাণঘাতী জৈব অস্ত্র তৈরি কিংবা পারমাণবিক যুদ্ধের মতো ঘটনা মানবজাতির অস্তিত্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পারমাণবিক যুদ্ধ হলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ ধোঁয়া ও ছাই ছড়িয়ে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করতে পারে। এতে বৈশ্বিক খাদ্যব্যবস্থা বিপর্যস্ত হয়ে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
গবেষণায় পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, তীব্র বায়ুদূষণ, শিশুদের অপুষ্টি এবং ওষুধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকেও মানুষের বেঁচে থাকার পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া উন্নত দেশগুলোর দরিদ্র দেশগুলোকে সহায়তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তও ঝুঁকির তালিকায় রয়েছে।
বিজ্ঞানীদের মতে, এসব হুমকি মোকাবিলায় সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে তাঁরা একই সঙ্গে আশার কথাও জানিয়েছেন। তাঁদের মতে, বিশ্বনেতারা এখনই সঠিক সিদ্ধান্ত নিলে এবং পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য খাতে যথাযথ গুরুত্ব দিলে সম্ভাব্য বিপর্যয় এড়ানোর সুযোগ রয়েছে।
বার্লিনে অনুষ্ঠিত এক বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে গবেষণার এসব বিষয় তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকেরা।
সূত্র: দ্য গার্ডিয়ান।






















