মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রবাসীকল্যাণমন্ত্রী
- আপডেট সময় ০৪:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 53
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সরকারি সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া কোনো এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেন না করতে প্রবাসী ও বিদেশগমনেচ্ছুদের পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সেবা সহজীকরণে ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে এসব ট্রলি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের বিমানবন্দরের সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী কার্ড চালু এবং প্রবাসী ব্যাংক স্থাপনসহ বিভিন্ন খাতে সেবা সম্প্রসারণে সরকার কাজ করছে।
প্রবাসীদের সমস্যার কথা সরাসরি শুনতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের (ডিসি) সপ্তাহে অন্তত এক দিন সময় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পৃথিবী যত দিন থাকবে, সমস্যা তত দিন থাকবে। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের সমস্যাগুলো সমাধানের কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের প্রতিটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কওমি মাদ্রাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল এবং প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















