নিউ গিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: তিনজন কারাগারে, তিনজনের রিমান্ড
- আপডেট সময় ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 31
রাজধানীর ইসিবি চত্বরের কাছে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
কারাগারে পাঠানো অপর দুই আসামি হলেন আসলাম ও শাহ আলম অনিক। আর তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর জেহাদ হোসেন ছয় আসামিকে আদালতে হাজির করেন। তিনি মিজানুর রহমান, আসলাম ও শাহ আলম অনিককে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে মামুন, মুন্না ও শাহরিয়ার মাহমুদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, আসামিদের পক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিন এবং অন্য তিনজনের জামিনের আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ থেকে এসব আবেদনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর তিনজনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার মিজানুর রহমান, আসলাম ও শাহ আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তার আগের দিন মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এ মামলায় গত বুধবার দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রোববার জামিন পান তিনি।
গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


























