মিষ্টির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 54
রাজধানীর মিরপুর-১-এর স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তের ভিত্তিতে চার্জশিট দেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন কোনো ঘটনা বলা যাবে না। কোথাও কোনো ত্রুটি থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘অপরাধ হতে থাকবে, অপরাধ হয়। অপরাধ আছে বলেই পুলিশ আছে, আমরা আছি। অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি।’
এদিকে ৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগের বিষয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেলে অনুপযুক্ত হওয়া এবং নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার কারণে চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রজ্ঞাপনই শেষ নয়। সামনে আরও প্রজ্ঞাপন জারি হবে। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারণ করা হয়েছে।
কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি। তার ভাষ্য, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে তার আবেদনের সুযোগ রয়েছে।
৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, একজন গায়ে আগুন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ছাত্র সংগঠনের যুগ্ম সম্পাদক বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে সবাইকে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।





















