অ্যান্টি টেররিজম ইউনিটের নাম বদলে এসআরইউ
- আপডেট সময় ০১:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 37
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে এ বিষয়ে সম্প্রতি সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, ইউনিটটির নাম পরিবর্তন হলেও বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদের কোনো পরিবর্তন হবে না।
নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত সব বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্টের স্মারক, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্টের স্মারক এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের উল্লেখ রয়েছে।























