চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় ০৭:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 27
দেশের শিক্ষা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা চায়না ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে শিক্ষা, উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময় বাড়লে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিল্প ও শিক্ষার সমন্বয়, নবায়নযোগ্য জ্বালানি এবং ব্লু ইকোনমির মতো খাতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে।
তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের বড় তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে দেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে।
শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়াতেও চীনের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে মডেল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উন্নয়নেও কাজ করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক যান, সবুজ প্রযুক্তি ও রোবটিক্সের মতো খাতেও উন্নয়নের সুযোগ রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
বাংলাদেশকে ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য দেশে ‘ক্রস-বর্ডার এডুকেশন’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা চলছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক এগিয়ে নিতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের শিক্ষা ও উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন এবং উপাচার্য অধ্যাপক শামস রহমানও বক্তব্য দেন।






















