কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
- আপডেট সময় ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 21
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাবে দূরপাল্লা, ঢাকা-চট্টগ্রাম মহানগর ও ডিটিসি এলাকার বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
























