তেজগাঁও থেকে আটক ২৩ জনের ১১ জন পরিবারের কাছে
- আপডেট সময় ০৪:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 23
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাকি ১২ জনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বাকি ১২ জন বর্তমানে সিটিটিসির হেফাজতে রয়েছেন। তাদের ৫৪ ধারায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, শুক্রবার ফার্মগেটের তেজগাঁও কলেজের একটি মসজিদে গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের উগ্রবাদী সংগঠন ‘ইত্তেহাদুল উম্মাহ’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ওই সংগঠনের কিছু লিফলেট পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।
























