১ লাখ ছাড়াল শতবর্ষী মানুষের সংখ্যা জাপানে
- আপডেট সময় ১২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 21
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সি মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। জনসংখ্যা কমতে থাকা দেশটিতে একই সময়ে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা টানা ৫৬ বছর ধরে বাড়ছে। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে, যা গত বছরের তুলনায় প্রায় ৮ হাজার বেশি।
শতবর্ষীদের মধ্যে নারীর সংখ্যা সবচেয়ে বেশি। মোট শতবর্ষীর ৯৪ হাজার ২৯৮ জনই নারী, যা প্রায় ৮৮ শতাংশ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো এত মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে সন্তোষ প্রকাশ করেছেন।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানে মানুষের গড় আয়ু ছিল ৮৪ বছর। দীর্ঘায়ুর পেছনে পুষ্টিকর খাবার, উন্নত স্বাস্থ্যসেবা এবং ‘ইকিগাই’ বা জীবনের উদ্দেশ্য ও আনন্দ খুঁজে নেওয়ার সংস্কৃতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা।
তবে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার কারণে জাপানে নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। প্রবীণদের যত্নের ব্যয় বাড়ছে, অন্যদিকে জন্মহার কমে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যাও কমছে।
সূত্র: বিবিসি ও সিএনএন

























