নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব কৃষিতে গবেষণার প্রয়োজন: রাষ্ট্রপতি
- আপডেট সময় ০৪:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 22
রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কৃষকদের সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার সম্পর্কে সজাগ করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
টেকসই ও আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।
কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
























