কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০২:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 11
কুমিল্লার মুরাদনগরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি ও জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ফুফু-ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দড়ানীপাড়া গ্রামের প্রয়াত মনু মিয়ার ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু ছিলেন সবার ছোট। মনু মিয়ার মৃত্যুর পর ওয়ারিশদের মধ্যে পৈতৃক সম্পত্তি রেকর্ড করার সময় আবু কৌশলে অতিরিক্ত ৩০ শতাংশ জমি নিজের নামে লিখে নেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি পরিবারের অন্য সদস্যদের নজরে আসার পর এ নিয়ে অসন্তোষ দেখা দেয় এবং দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলছিল বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
সোমবার রাতে ওই বিতর্কিত জমি নিয়ে আবু ও তার স্বজনদের মধ্যে নতুন করে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আবু ধারালো দা নিয়ে তার বড় বোন খালেদা আক্তার ও ভাতিজা মনজুরুল আলমের ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুজন গুরুতর আহত হন।
তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুরাদনগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান আবু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























