রাজধানীতে বৃষ্টি, বিভিন্ন এলাকায় ভোগান্তি
- আপডেট সময় ১১:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 25
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় রোববার সকালে বৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টার পর শুরু হওয়া বৃষ্টিতে মিরপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণকে দুর্ভোগে পড়তে হয়েছে।
সকালের বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী চাকরিজীবী এবং বিভিন্ন কাজে বের হওয়া সাধারণ যাত্রীরা। কোথাও কোথাও বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচলেও বিঘ্ন ঘটে।
এর আগে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
রাজধানীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

























