সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় ১১:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 24
সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এসবির এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই ওই এসআই ও তার ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসবির সাভার জোনের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা জানান, আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজারে তার একটি জায়গা রয়েছে।
কী কারণে আলতাফ হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান মাসুদ রানা।

























