রাজধানীতে খোলা জানালা দিয়ে গুলি, গুরুতর আহত গৃহিণী
- আপডেট সময় ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 15
রাজধানীর দারুস সালাম এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় খোলা জানালা দিয়ে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুরুতর আহত হয়েছেন। ডান হাতে গুলিবিদ্ধ জেসমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের ছেলে ইয়াসিনের ভাষ্য, রাতে তার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা খোলা জানালা দিয়ে গুলি চালিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। গুলিটি জেসমিনের ডান হাতে লাগলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জেসমিন বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দাললা গ্রামের বাসিন্দা। তিনি স্বামী আব্দুল মান্নানের সঙ্গে দারুস সালামের মসজিদ গলি এলাকার একটি টিনশেড বাসার নিচতলায় ভাড়া থাকতেন। তিনি গৃহিণী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডান হাতে গুলিবিদ্ধ এক নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
























