তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে
- আপডেট সময় ১২:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 23
ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। গত দুই দশক ধরে তাদের ব্যক্তিগত লড়াই মুগ্ধ করে রেখেছে ফুটবলবিশ্বকে। কিন্তু কোটি ভক্তের দীর্ঘদিনের একটি চাওয়া ছিল অপূর্ণ—এই দুই তারকাকে একসঙ্গে একই জার্সিতে দেখা। এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসের সূত্র উদ্ধৃত করে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে নিজের বিদায়ী ম্যাচ আয়োজন করতে যাচ্ছেন সাবেক তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। অবসর নেওয়ার পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে নিজের শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সের মাঠ লা বম্বোনেরায় বিদায়ী সংবর্ধনা পেতে যাচ্ছেন তিনি।
এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বফুটবলের একঝাঁক তারকা, যাদের মধ্যে থাকছেন মেসি ও রোনালদোও। তেভেজের সঙ্গে দুজনেরই খেলোয়াড়ি জীবনে একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে—রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে। শুধু মাঠের সম্পর্কই নয়, দুই তারকার সঙ্গেই তেভেজের রয়েছে গভীর ব্যক্তিগত বন্ধুত্ব। ফলে এই বিদায়ী আয়োজনে তাদের উপস্থিতি প্রায় নিশ্চিত, আর সবচেয়ে বড় চমক হতে পারে তাদের একই একাদশে দেখা যাওয়া।
সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তেভেজ, এবং লা বম্বোনেরায় ম্যাচ আয়োজনের অনুমোদনও পেয়েছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় এই ভেন্যুতেই আয়োজিত হবে বিদায়ী লড়াইটি।
রিকেলমের অনুমতি পাওয়ার পরপরই তেভেজের ঘনিষ্ঠজনরা আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এতে অংশ নিতে পারেন আর্জেন্টিনা ও আন্তর্জাতিক ফুটবলের বহু পরিচিত মুখ। জানা গেছে, তেভেজের দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন সময়ে তার সতীর্থ হিসেবে খেলা প্রায় ৬০ জন ফুটবলারকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
লা বম্বোনেরাকেই কেন বেছে নেওয়া হলো, তার ব্যাখ্যাও স্পষ্ট। এই মাঠে তেভেজ খেলেছেন সর্বমোট ২৭৯টি অফিসিয়াল ম্যাচ, নিজে গোল করেছেন ৯৪টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৬টি গোল।
বোকার হয়ে এই সময়ে মোট ১১টি শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য—২০০৩ সালের কোপা লিবার্তাদোরেস, একই বছরের ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। ঘরোয়া লিগেও একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন—২০০৩, ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ মৌসুমে। পাশাপাশি জিতেছেন ২০১৫ সালের কোপা আর্জেন্টিনা, ২০১৮ সালের সুপারকোপা আর্জেন্টিনা এবং ২০২০ সালের কোপা দে লা লিগা শিরোপা।
২০২২ সালের জুন মাসে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা দিলেও যথাযথ বিদায়ী সংবর্ধনা না পাওয়াটা তেভেজের কাছে ছিল অপূর্ণ এক আক্ষেপ। বোকার জার্সিতে তার শেষ অফিসিয়াল ম্যাচ ছিল ২০২১ সালে, এরপরই তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে সময় নেন।
অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন তেভেজ। দায়িত্ব পালন করেছেন রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে এবং তায়েরেসের মতো ক্লাবে। সবশেষ তায়েরেসের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি আছেন নতুন কোনো সুযোগের অপেক্ষায়।
























