ঢাকায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক
- আপডেট সময় ০৭:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 24
রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়া মো. সাইফ ইমরান (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভুয়া পরিচয় দিয়ে নিজের আসল পরিচয় গোপন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে গুলশান থানা-পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে পাকিস্তান হাইকমিশনের পাশে মোটরসাইকেল পার্ক করেন সাইফ ইমরান। সেখানে মোটরসাইকেল পার্ক করতে নিষেধ করলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন তিনি।
এ সময় ওই স্থানে সাধারণত ডিজিএফআইয়ের গাড়ি পার্ক করা হয় বলেও দাবি করেন সাইফ ইমরান।
পুলিশ জানায়, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি আবার ওই স্থানে মোটরসাইকেল পার্ক করতে আসেন। তখন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাঁর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফ ইমরান স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন।
পরে ভুয়া পরিচয় দিয়ে নিজের প্রকৃত পরিচয় গোপন করার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গুলশান থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

























