হোয়াইট হাউস ছাড়ছেন লেভিট
- আপডেট সময় ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 19
পরিবার ও দুই ছোট সন্তানকে আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট। আগামী আগস্টের শেষদিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন ২৭ বছর বয়সী এই কর্মকর্তা। তবে পদ ছাড়লেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে রাজনৈতিক ভূমিকা চালিয়ে যাবেন তিনি।
বুধবার (১২ আগস্ট) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গত মে মাসে দ্বিতীয় কন্যাসন্তান ভিভিয়ানার মা হন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের দায়িত্বে ফেরেন। তবে প্রেস সেক্রেটারির মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কারণে দুই ছোট সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না বলে সম্প্রতি এক বিবৃতিতে জানান তিনি।
মূলত সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লেভিট। তার পদত্যাগের সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদে পরিবর্তন আসতে যাচ্ছে।
তবে হোয়াইট হাউস ছাড়লেও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না লেভিট। তিনি ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি ও ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ (MAGA) আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখবেন।
লেভিটের পারিবারিক সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে লেভিটের ভূমিকার প্রশংসা করে তাকে একজন ‘সত্যিকারের নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবে আখ্যায়িত করেছেন।


























