ভূমিকম্পে লণ্ডভণ্ড সবকিছু, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক গ্রামের সবাই
- আপডেট সময় ০১:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 21
৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার বিভিন্ন শহর যখন লণ্ডভণ্ড ও প্রাণহানির খবর আসছে, তখন ভূমিকম্পের মূল কেন্দ্রস্থলের কাছের একটি গ্রামে ঘটলো এক অলৌকিক ঘটনা। কলম্বিয়ার চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে ভূমিকম্পের মূল কেন্দ্র হলেও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমন ঘটনায় সেখান কার স্থানীয়রা বিস্মিত হয়েছে এবং মেয়র লিওন ফাবিও মারিন মোনকাদা ঘটনাটিকে অলৌকিক মনে করছেন।
সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে কলম্বিয়ায় শক্তিশালী আঘাত হানে ভূমিকম্পটি। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো প্রদেশে। ভূমিকম্পটির মূল কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৩ কিলোমিটার গভীরে।
সান হোসে দেল পালমারে ভূমিকম্পের কেন্দ্রস্থল; কিন্তু এতো কাছে অবস্থান করেও সেখানে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি স্থানীয় মেয়র লিওন ফাবিও মারিন মোনকাদা অনেকটা ‘অলৌকিক’ ঘটনা বলে বর্ণনা দিয়েছেন।
মেয়র ফাবিও মারিন বলেন, গ্রামটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, বিষয়টি অনেকটা অলৌকিক বলেই মনে হচ্ছে। তবে গ্রামটির সঙ্গে যোগাযোগের সড়কগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে গ্রামটির সাথে যোগাযোগ ও জরুরি উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কলম্বিয়াজুড়ে ভূমিকম্পে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে। তাছাড়া কলম্বিয়ার বিভিন্ন শহরে অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
কলম্বিয়ার কালি শহরে ৩২টি ভবন ধসে পড়েছে বলেও জানা গেছে। মানিজালেসে দুজন নিহত হয়েছেন। বেশ কিছু আঞ্চলিক বিমানবন্দরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তাছাড়া কলম্বিয়ার রাজধানী বোগোতায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে চারপাশ, গাছপালা ও ট্রাফিক সিগন্যাল। কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে, তবে এখন পর্যন্ত রাজধানীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের ভয়াবহ এই পরিস্থিতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। যাঁরা আহত অবস্থায় আছেন তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সূত্র: বিবিসি























