নতুন করে দেশ গড়ার সময় একটি মহল অস্থিরতা তৈরির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- আপডেট সময় ০৪:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 18
দেশকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ শুরুর সময়ে একটি মহল আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার, ৮ আগস্ট সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় সংসদের এলডি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছেন এবং সামনে দেশ পুনর্গঠনের একটি আন্দোলন শুরু হতে যাচ্ছে। এমন সময়ে একটি মহল দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, বিএনপি সংসদীয় পদ্ধতিতে সরকার পরিচালনার মাধ্যমে সংসদের ভেতর থেকে বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। কিন্তু একটি মহল রাজপথে নেমে অন্যায়ভাবে এমন কর্মকাণ্ড করছে, যার মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল পরিস্থিতির দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, অতীতেও দেখা গেছে, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যায়, তখন একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেই অগ্রযাত্রাকে পেছনে ঠেলে দেয়।
আওয়ামী লীগের শাসনামলের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, তাঁর ভাষায়, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দেওয়ার পর সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব বিএনপির ওপর পড়েছিল। তিনি বলেন, ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একইভাবে ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ে তোলার কাজ করেছিলেন। পরে খালেদা জিয়াও দেশ গড়ার দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে একই দায়িত্ব এসে পড়েছে তাঁদের ছেলে তারেক রহমানের ওপর।





















