বিরোধীদল ‘নন-ইস্যুতে অস্থিতিশীলতা’ তৈরির চেষ্টা করছে: খায়রুল কবির খোকন
- আপডেট সময় ০৩:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 20
জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তাঁর অভিযোগ, জামায়াত-এনসিপি জুলাই সনদের বিষয়কে সামনে এনে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
শনিবার, ৮ আগস্ট নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে অনুদান প্রদান এবং আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল। কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের আন্দোলন হিসেবে এটিকে দেখার সুযোগ নেই।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি এমন কিছু বিষয় সামনে এনে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় তিনি রাজনৈতিক প্রতিপক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং প্রধানমন্ত্রীসহ বিএনপির নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তোলেন।
সভায় আওয়ামী লীগের প্রসঙ্গও টানেন বিএনপির এই নেতা। তিনি বলেন, একসময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত। কিন্তু বর্তমানে দলটির বাংলাদেশে পতন হয়েছে এবং তাদের দিল্লিতে গিয়ে ‘কবর হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আগামী ১০০ বছরেও দলটির বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই।
আলোচনা সভায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ ও সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।





















