সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় ১২:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 23
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরেরও সম্ভাবনা রয়েছে। এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
কূটনৈতিক ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হতে পারে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে ঘিরে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ সফরের বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ একাধিক কর্মসূচির প্রস্তুতিও চলছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এ আয়োজন সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। তার মতে, এ সফর বাংলাদেশের অর্থনীতির জন্যও ইতিবাচক গুরুত্ব বহন করতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। তবে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি ও আনুষ্ঠানিক কর্মসূচি চূড়ান্ত করার কাজ এখনো চলমান।























