গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
- আপডেট সময় ০৩:৫০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 16
গণমাধ্যম শক্তিশালী থাকলে গণতন্ত্র আরও টেকসই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা কেবল নির্বাচনের মাধ্যমে নয়, মানুষের চিন্তা-ভাবনা, মতপ্রকাশ ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রেই এর চর্চা নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে টিভি এডিটরস কাউন্সিলের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায় সেভাবে দেশ চালানো। আপনার চিন্তা-ভাবনা, চলাফেরা—সবকিছুতে গণতন্ত্র না থাকলে মনে করতে হবে, তা প্রতিষ্ঠিত হয়নি।’
তিনি বলেন, ‘তিন-চার মাস না যেতেই আমরা রাস্তায় নেমে গেছি। সরকারকে ব্যর্থ বলে পাঁচ বছর যেতে দেব না বলছি। এগুলো ফ্যাসিস্টের ভাষা।’
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু কাজ করেছে তার উল্টো।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করে দিয়েছে।’
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পাশ্চাত্যের দেশগুলোতে টেকসই গণতন্ত্র গড়ে উঠতে হাজার বছর লেগেছে। কিন্তু আমরা অস্থির।’
তিনি বলেন, ‘আমরা সবাই চাই একটি শক্তিশালী গণমাধ্যম থাকুক, যেখানে আলোচনা-সমালোচনা হবে। তবে অনেক সময় টকশোর আলোচনা শুনলে মনে হয় সরকার পুরোপুরি ব্যর্থ, দেশ ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যম যদি শক্তিশালী থাকে, তাহলে গণতন্ত্রও টেকসই হবে।























