সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত ৩
- আপডেট সময় ১১:১৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 25
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানে করে পরিবারের সঙ্গে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও ভ্যানচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌমুহনী-কালিকাপুর সড়কের তালতলা হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন (৬) উপজেলার কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে মোস্তাকিন বাবা-মায়ের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে কোমরপুর এলাকায় নানাবাড়িতে যান। সেখান থেকে একটি মৃত্যু বাড়িতে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় ভ্যানে থাকা শিশুটির বাবা, মা ও চালক আহত হন।
ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























