চিলির কোলো কোলোতে যোগ দিচ্ছেন বিশ্বকাপ তারকা গোলরক্ষক ভোজিনহা
- আপডেট সময় ১০:০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 10
উত্তর আমেরিকা বিশ্বকাপে চমকপ্রদ নৈপুণ্য দেখিয়ে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবার নাম লেখাচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবলে। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন খুঁটির নিচের প্রহরী হতে চলেছেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার।
ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার-বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানো নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় মুক্ত খেলোয়াড় হিসেবে আছেন ভোজিনহা। চিলির ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তি গড়াবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন কোলো কোলোর সভাপতি অনিবাল মোসা নিজেই, আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে দেওয়া বক্তব্যে। তার ভাষ্যমতে, খেলোয়াড়টির সঙ্গে ইতিমধ্যেই সব শর্তে ঐকমত্যে পৌঁছেছে ক্লাব কর্তৃপক্ষ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে ভালো কিছু করার পরিকল্পনা মাথায় রেখেই এই অভিজ্ঞ শটস্টপারকে দলে টানছে চিলির ক্লাবটি।
বিশ্বকাপের মঞ্চে উরুগুয়ে ও স্পেনের বিপক্ষে, পাশাপাশি শেষ বত্রিশের লড়াইয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে একের পর এক অসাধারণ সেভ করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান ভোজিনহা। টুর্নামেন্ট চলাকালে ও শেষ হওয়ার পরও তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ মিলিয়নে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিসহ একাধিক দলের প্রস্তাব পেলেও শেষমেশ চিলিকেই বেছে নেন তিনি।
কোলো কোলোতে ভোজিনহার নতুন কোচ হবেন অভিজ্ঞ আর্জেন্টাইন ফার্নান্দো এল তানো ওরতিজ। সতীর্থ হিসেবে তিনি পাবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ বেশ কয়েকজন আর্জেন্টাইন তারকাকে।
























