তেলাপোকার আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি
- আপডেট সময় ১১:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 18
পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে জাতীয় গুরুত্বের বিষয় উল্লেখ করে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়টি সাংবাদিকদের জানান।
এই মন্তব্য আসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা ও যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী মোদি বৈঠকে বলেন, নিট পরীক্ষা নিয়ে অভিযোগ ওঠার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিলম্ব না করে পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ২০ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত নিট পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এছাড়া সিবিএসই পরীক্ষার অনলাইন ফল প্রকাশ প্রক্রিয়ায়ও বিভিন্ন ত্রুটির অভিযোগ ওঠে।
এদিকে, সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে টানা ২১ দিন অনশন করা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকেই তিনি আবার অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সময়ে সিজেপির দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে তাদের দাবিনামা তুলে দেন। নাড্ডা বৈঠকটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন।
অন্যদিকে, নিট কেলেঙ্কারি, রাম মন্দিরের অনুদান নিয়ে বিতর্ক এবং অন্যান্য ইস্যুতে বিরোধী দলগুলোর বিক্ষোভের কারণে বাদল অধিবেশনের প্রথম দিন ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রম ব্যাহত হয়। সূত্র: এনডিটিভি।























