সাভারে ঝটিকা মিছিলের পর অভিযান, গ্রেফতার ১৩
- আপডেট সময় ১২:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 21
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার, ১৫ জুলাই সকালে এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার, ১৪ জুলাই বিকাল ও রাতে ব্যানার ও লাঠিসোঠা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী মহাসড়কের কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেন। পরে তারা ঘটনাস্থল ছেড়ে আত্মগোপনে চলে যান।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় কয়েকজন নেতাকর্মী পানিতে সাঁতরে পালিয়ে যান বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীর সংখ্যাই বেশি। তিনি দাবি করেন, তারা আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, বুধবার, ১৫ জুলাই সকালে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






















