সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের
- আপডেট সময় ০৬:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 7
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাঁর বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং সাম্প্রতিক পরীক্ষা পুনরায় নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার, ১৪ জুলাই রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি থেকে তারা সন্ধ্যা ৬টার মধ্যে এসব দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেন।
বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাঁর ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
একই সঙ্গে তিনি দাবি করেন, ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে। পাশাপাশি বুধবারের নির্ধারিত পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান তিনি।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।























