খামেনির জানাজায় তিন ছেলে, অনুপস্থিত মোজতবা
- আপডেট সময় ০৫:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 14
ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে তার তিন ছেলে মাসুদ, মেয়সাম ও মোস্তফা অংশ নিয়েছেন। তবে তার আরেক ছেলে মোজতবা খামেনি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
রোববার (৫ জুলাই) তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে মার্কিন সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জানাজার রাষ্ট্রীয় আয়োজনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার আহমদ ওয়াহিদিও উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরো জানাজার কার্যক্রম সম্পন্ন করা হয়।
এদিকে, খামেনির ছেলে ও সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে পরিচিত মোজতবা খামেনি জানাজায় সশরীরে অংশ নেননি। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ থেকে সম্ভাব্য জীবননাশের হুমকির আশঙ্কার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় শেষ মুহূর্তে মোজতবা খামেনিকে প্রকাশ্য এই জনসমাগম থেকে দূরে রাখা হয়।
























