যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে গম কিনবে সরকার
- আপডেট সময় ০৬:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 13
খাদ্য মজুত নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা। বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ক্রয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। দুই উৎস থেকে গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।


















