লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা, অভিযুক্তের পরিচয় নিয়ে নতুন তথ্য
- আপডেট সময় ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 37
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত অন্তর মজুমদার সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। প্রতিবেশীদের দাবি, তিনি নিজেকে কখনো কল ও পাইপলাইন মেরামতের মিস্ত্রি, আবার কখনো ‘জহির’ নামে মুসলিম পরিচয় দিয়ে এলাকায় বসবাস করেছিলেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
শনিবার (২৭ জুন) স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তিনি অভিযুক্তকে বাসার ভেতরে হাতে একটি প্যান্ট নিয়ে দেখতে পান। জানালা দিয়ে জানতে চাইলে অন্তর নিজেকে কল ও পাইপলাইন মেরামতের মিস্ত্রি বলে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখেন।
আফরোজা বেগমের ভাষ্য, ঘটনার কিছুক্ষণ আগে তিনি ঘরের ভেতর থেকে চিৎকার শুনে জানালার কাছে যান এবং শাহিনুর বেগমকে ডাকলেও কোনো সাড়া পাননি। পরে একজনকে রান্নাঘরের দিকে যেতে দেখে প্রথমে পরিবারের সদস্য মনে হলেও কোনো সাড়া না পেয়ে তার সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে বাইরে থেকে বাসার দরজা আটকে দিয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।
এরপর স্থানীয় লোকজন ঘরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত অবস্থায় শাহিনুর বেগম ও তার তিন মেয়েকে দেখতে পান। এ সময় অভিযুক্ত অন্তর মজুমদার ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার (২০), রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ইকরা বেগম (১৭) এবং সিপা (৯)। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে রায়পুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান পরিবারের কর্তা কামাল হোসেন।
পুলিশ জানায়, অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দাসেরহাট এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি রায়পুরে ভাসমান ফল বিক্রেতা হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় নিহতদের ছেলে জিহাদুল ইসলাম শিফাত বাদী হয়ে অভিযুক্ত ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া অভিযুক্তকে গণপিটুনির ঘটনায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করেছেন।
শনিবার সকালে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের নির্দেশ দেন। এর আগে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মনিরুজ্জামানও ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পুলিশ, সিআইডি ও র্যাব হত্যাকাণ্ডের তদন্ত করছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে হত্যার মূল কারণ এখনো জানা যায়নি। বিষয়টি উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।



















