নেইমারবিহীন ব্রাজিলের একাদশে চমক, মরক্কোর বিপক্ষে মাঠে নামছেন যারা
- আপডেট সময় ০৩:৪৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 44
২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘সি’ গ্রুপের বহুল প্রতীক্ষিত এই লড়াই।
ম্যাচটির আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় ধাক্কা তারকা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতি। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফলে আক্রমণভাগে কিছুটা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের।
গত কয়েকদিন ধরে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। তবে কোচের চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে বেশ কিছু চমক। ডিফেন্সে ফুলব্যাক হিসেবে সুযোগ পেয়েছেন ইবানিয়েজ ও ডগলাস সান্তোস। অন্যদিকে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার সঙ্গে দেখা যেতে পারে ইগর থিয়াগোকে।
অন্যদিকে মরক্কোও পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ ইনজুরির কারণে একাদশের বাইরে রয়েছেন। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলাও অনিশ্চিত। চোটের কারণে এজ আবদে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও ম্যাচটি ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। বিটিভি, টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। পাশাপাশি টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিন অ্যাপের মাধ্যমেও অনলাইনে খেলা উপভোগ করা যাবে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার, ইবানিয়েজ, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনহা।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া ব্রাজিল। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে নতুন চমক দেখাতে প্রস্তুত মরক্কো। ফলে দুই দলের এই লড়াই ঘিরে উত্তেজনার পারদ ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।

























