বিশ্বকাপের পতাকা ওড়ালেই জরিমানা!
- আপডেট সময় ১১:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 16
ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসের অন্যতম প্রকাশ হলো প্রিয় দলের পতাকা উড়ানো। ঘরের ছাদ, বারান্দা, জানালা কিংবা ভবনের দেয়ালে বিভিন্ন দেশের পতাকা টাঙিয়ে নিজেদের সমর্থন জানান অসংখ্য ফুটবলপ্রেমী। তবে ইংল্যান্ডে এই সমর্থন প্রকাশের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট আইনি বিধান। নিয়ম অমান্য করলে গুনতে হতে পারে বড় অঙ্কের জরিমানা।
বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিভিন্ন দেশের পতাকা প্রদর্শন শুরু হয়েছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পতাকা প্রদর্শনের ক্ষেত্রে পরিকল্পনা ও জননিরাপত্তা সংক্রান্ত বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক।
বিধি অনুযায়ী, কোনো ভবনের ছাদে নিরাপদভাবে স্থাপন করা হলে সাধারণত পতাকা ওড়াতে আলাদা অনুমতির প্রয়োজন হয় না। তবে পতাকাটি অবশ্যই সঠিক অবস্থায় থাকতে হবে এবং এমনভাবে স্থাপন করতে হবে যাতে পথচারী বা আশপাশের মানুষের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি না হয়।
অন্যদিকে ভবনের জানালা, বারান্দা বা বাইরের দেয়ালে বড় আকারের পতাকা প্রদর্শনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে পতাকা টানানো হলে স্থানীয় কর্তৃপক্ষ তা অপসারণের নির্দেশ দিতে পারে।
কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করলে আদালতের মাধ্যমে সর্বোচ্চ দুই হাজার পাঁচশ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় চার লাখ টাকারও বেশি। এছাড়া নির্দেশনা উপেক্ষা করে পতাকা প্রদর্শন অব্যাহত রাখলে অতিরিক্ত দৈনিক জরিমানাও আরোপ করা হতে পারে।
তবে সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ ক্ষেত্রে প্রথমে সতর্কবার্তা দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলের নির্দেশনা মেনে দ্রুত ব্যবস্থা নিলে সাধারণত আইনি জটিলতা তৈরি হয় না। কিন্তু নির্দেশ অমান্য করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।
বিশ্বকাপের আনন্দ ও সমর্থনের আবেগ প্রকাশের পাশাপাশি স্থানীয় আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিয়ম মেনে পতাকা প্রদর্শন করলে উৎসবের আনন্দ যেমন বজায় থাকবে, তেমনি অপ্রয়োজনীয় আর্থিক ও আইনি ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।

























