সাঁতার না জেনেও বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ডুবে ছেলের মৃত্যু
- আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 86
রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিমন মিয়া ওই গ্রামের গোফফার আলীর একমাত্র ছেলে। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশে আখিরা নদী পার হয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার শুরু করেন। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো জানা না থাকলেও বাবার বিপদের কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে তলিয়ে যান।
পরে স্থানীয়রা লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদারপুর গ্রামের বাসিন্দা মাহমুদুল জানান, লিমনের বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও জানেন না যে তার একমাত্র সন্তান আর পৃথিবীতে নেই। বংশের একমাত্র এই ছেলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, পিতার জীবন বাঁচাতে গিয়ে ছেলের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।






















