আসামি ইনুকে অভয় দিয়ে বিপাকে ২ পুলিশ সদস্য
- আপডেট সময় ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 20
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে ‘টেনশন না করতে’ বলে আশ্বস্ত করা সেই দুই পুলিশ সদস্য শাস্তির মুখে পড়েছেন।শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গত ২৯ এপ্রিল শুনানির বিরতিতে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে যখন পুলিশ সদস্যরা নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাঁদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে দুই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।”
ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিও ফুটেজে পুলিশ সদস্যদের এই আচরণ স্পষ্ট দৃশ্যমান, যা আদালতের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমের নিরপেক্ষতার ক্ষেত্রে হুমকির সৃষ্টি করেছে। ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত এই দুই সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দ্রুত ট্রাইব্যুনালকে অবহিত করতে বলা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি গুরুতর অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচার চলছে। বুধবার ষষ্ঠ দিনের মতো তাঁর পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন আদালত।

























